সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও এক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। আহত বিষ্ণ হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাবা-ছেলে ঠাকুর হালদার ও বিষ্ণ হালদার বাড়ি থেকে বের হন। পরে তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিতে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।
পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।
এমএ//