দেশজুড়ে

শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাদ্রাসাছাত্র বহিষ্কার

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।  বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আবু সায়েদ। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২৪ আগষ্ট) রাতে বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও দেখে রোববার (২৩ আগস্ট)  এক নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়, মাদক সেবন এবং এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তাকে ২৩ আগস্ট থেকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা চলাকালীন কিংবা বন্ধের সময়েও ওই শিক্ষার্থী প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম ও রফিকুল ইসলাম বলেন, ফুলবাড়ী উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। এর প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সতর্কতামূলক ভূমিকা রাখবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #ইয়াবা