অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৬২, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭১, মিরপুরে ১৫২, গুলশানে ৩৬ এবং উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন।

অভিযানে ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০টি ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি গুলির খোসা, দুটি চাকু, সাতটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএমপি