দেশজুড়ে

ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

নৌপরিবহন  প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং এই এলাকার মতো আমাদের এলাকায়ও একই সমস্যা। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত জেলেদের সঙ্গে মতিবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলেরা সাগরে অবৈধ আর্টিসান ট্রলিং ট্রালারের ক্ষতিকর দিক তুলে ধরেন ও এটি বন্ধের দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন,  সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ভোটার কিন্তু এরাই। হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি মানুষের অনুভূতি গুলো নিয়ে আমরা কাজ করবো।

তিনি বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইট হাউজ নির্মানের উদ্যোগ নেয়া হবে। পরে তিনি খাপড়াভাঙ্গা নদী এবং জেলেদের বিভিন্ন ট্রলার পরিদর্শন করেন।  এর আগে মহিপুর বন্দরে জেলেদের সাথে দুপুরের খাবার খান প্রতিমন্ত্রী। 

এসময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও পায়রা বন্দরের সদস্য কমডোর তারেক সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নৌপরিবহন প্রতিমন্ত্রী