বাগেরহাটে পূর্ব সুন্দরবনে সুন্দরবনের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া জেলেবহরে হানা দিয়ে একটি ফিশিং ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায় বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। বৈরি আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে ওই এলাকায় আশ্রয় নেয় জেলেরা।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে। শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে সাগর থেকে বেশ কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর শসস্ত্র দস্যুরা জেলেবহরে হানা দেয়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট পাঁচ জনকে তুলে নিয়ে যায়। জেলে অপহরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ভুক্তভোগী জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, অপহরণের পর দস্যুরা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। জেলেদেরকে বনের কোথায় নিয়ে গেছে তাও জানা সম্ভব হয়নি। অপহরণের খবর শুনে জেলেদের পরিবারে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আই/এ