জাতীয়

সদরঘাটে ৩ লঞ্চকে জরিমানা, ৪৩ জন আটক

সদরঘাটে তিনটি লঞ্চকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালতএছাড়া ঘাট দখল, যাত্রী হয়রানি ও অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে ৪৩ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার দায়ে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।  প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।

যাত্রী হয়রানি, অনিয়ম এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিপজ্জনকভাবে ও অবৈধ উপায়ে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়।

প্রতিমন্ত্রী বলেন,  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। যাত্রীদের সচেতনভাবে চলাচল করতে হবে এবং কোনো অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে হবে। সাধারণ মানুষের নাড়ির টানে বাড়ি ফেরা নিশ্চিত করতে মন্ত্রণালয় চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

এদিকে গতকালের (১৮ মার্চ) লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হওয়া যাত্রীদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নৌপরিবহন প্রতিমন্ত্রী