জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দাপ্তরিক কাজে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গেল ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তার বিজয় ঘোষণা করেন।

পরদিন ২১ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

রোববার বঙ্গভবনে প্রথমবারের মতো দাপ্তরিক কাজে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত কর্মতৎপরতা শুরু হলো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #বঙ্গভবন #মির্জা ফখরুল ইসলাম আলমগীর