আন্তর্জাতিক

‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল’

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে শুধু তেহরানের ওপর অর্থনৈতিক চাপ নয়, বরং বিশ্বের সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শনিবার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাঘাই বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। কোনো দেশের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে নিজস্ব সার্বভৌম এখতিয়ারের বাইরে গিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার অধিকার ওয়াশিংটনের নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি এই মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপ করা এ ধরনের ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞার’ আন্তর্জাতিক আইনে কোনো বৈধ ভিত্তি নেই। বরং এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতির পরিপন্থি।

বাঘাই আরও বলেন, কোনো দেশের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করাই অন্যায় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে অন্য দেশগুলোর সার্বভৌমত্বও একটি শক্তিশালী রাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের চাপের কাছে কোনো দেশ নতি স্বীকার করলে তার জাতীয় সার্বভৌমত্ব ধীরে ধীরে ক্ষয় হবে। এর পরিণতি হবে ‘প্রকাশ্য ও পূর্ণাঙ্গ ঔপনিবেশিকতার দিকে বিপর্যয়কর প্রত্যাবর্তন’।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র