মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হলে একপর্যায়ে রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তার মতে, নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত ইসরাইলকে বড় ধরনের বিপদের মুখে ফেলতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আপতি আলাউদিনভ।
বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আপতি আলাউদিনভ বর্তমানে রুশ সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রুশ এই সামরিক কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরও তীব্র হওয়ার বিষয়টি সবারই বিবেচনায় রাখা উচিত।
তার মতে, সংঘাতকে যতটা সম্ভব বিস্তৃত করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলাই ইসরাইলের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, যুদ্ধের পরিধি বাড়াতে গিয়ে শেষ পর্যন্ত ইসরাইল নিজেদের সামর্থ্যকে বাস্তবতার চেয়ে অনেক বেশি বলে মনে করতে পারে। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিণতি রাষ্ট্রটির অস্তিত্বের জন্যই ভয়াবহ হয়ে উঠতে পারে।
আলাউদিনভের মতে, সংঘাত আরও বাড়তে থাকলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে ইসরাইল রাষ্ট্র হিসেবে টিকে থাকার সক্ষমতাই হারিয়ে ফেলবে।
এসি//