ভারতের বিহারে ছট পূজার প্রসাদের খাবার খাওয়াকে কেন্দ্র করে চার বছরের শিশুকন্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। মারধরের শিকার শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার রাজ্যের সমস্তিপুর জেলায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম সুহানি কুমারী। সে রাজু পাসওয়ান ও রীনা কুমারী দম্পতির মেয়ে।
শিশুটির বাবা জানায়, ছট পূজা উপলক্ষ্যে বাড়িতে আয়োজন চলছিল। পরিবারের অন্য সদস্যরা পূজার আয়োজনের জন্য কাছের একটি ঘাটে গেলে বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন রীনা। এ সময় পূজার জন্য রাখা খাবার খেয়ে ফেলে সুহানি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে মেয়েকে মারধর করেন সে।
পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মেয়েকে হারিয়ে শোকাহত রাজু তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি জানান, ভবিষ্যতে বাকি দুই সন্তানকে একাই লালন-পালন করবেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত রীনা কুমারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্ট সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমএ//