ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।
সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানের হাতে এই সম্মানসূচক পদমর্যাদা তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সামরিক ঐতিহ্যের অংশ হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে। ১৯৫০ সাল থেকে দুই দেশের সেনাপ্রধানকে পরস্পরের পক্ষ থেকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দেওয়ার রীতি চলে আসছে।
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে অবস্থান করছেন জেনারেল শেঠ। সফরের শুরুতেই দুই দেশের সেনাপ্রধান বৈঠকে বসেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নেপাল-ভারত সামরিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার নেপালে পৌঁছান ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সফরকালে তিনি নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল শেঠের নেপাল সফর দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ঐতিহাসিক ধারাবাহিকতাও এই সফরের মধ্য দিয়ে আরও জোরালো হচ্ছে।
সফরের অংশ হিসেবে নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। একই দিনে নেপাল সেনাসদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন তিনি। পরে তাকে দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন জেনারেল শেঠ।
নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সম্মানসূচক সামরিক পদমর্যাদা প্রদান, দুই দেশের সেনাপ্রধানের বৈঠক, কূটনৈতিক পর্যায়ে আলোচনা এবং সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের মধ্য দিয়ে জেনারেল শেঠের নেপাল সফরে ভারত-নেপাল প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বই সামনে এসেছে।
এসি//