প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতের আয়োজনে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে তিনি অংশ নেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন—তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা রয়েছে।
তবে প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সৌদি আরবের আমন্ত্রণের ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আন্তর্জাতিক সফরসূচিতে নতুন মাত্রা যুক্ত হলো। তবে সৌদি সফরের তারিখ ও কর্মসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসি//