আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-তুরস্কের ‘ভয়ংকর’ ছক ফাঁস করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে গোপনে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে একটি যৌথ পরিকল্পনার তথ্য পাওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ প্রথমে তুরস্কের বন্দরে নেওয়া হবে। পরে সেখান থেকে সেগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

জাখারোভা বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এসব সামরিক সরঞ্জাম সরাসরি ইউক্রেনে না পাঠিয়ে প্রথমে তুরস্কের বন্দরে নেওয়া হবে। এরপর সেখান থেকে চালানগুলো ইউক্রেনে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চেয়েছে মস্কো।

জাখারোভা সতর্ক করে বলেন, ওয়াশিংটন ও আঙ্কারা যদি এ বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে দুই দেশের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষতি হতে পারে।

চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। দীর্ঘদিন ধরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংকটে রয়েছে ইউক্রেন। সম্প্রতি এ ধরনের অস্ত্র সহায়তা চাইতে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা করবে না বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় ভূমিকা নেওয়া তুরস্কও বিভিন্ন সময়ে জানিয়েছে, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না।

এর মধ্যেই রাশিয়ার গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিরুদ্ধে গোপনে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পরিকল্পনার অভিযোগ সামনে আনা হলো।

এদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশেও সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর হামলা বেড়েছে। কয়েক দিন ধরে সেখানে ধারাবাহিক হামলার খবর পাওয়া যাচ্ছে। এই প্রদেশেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের একটি দপ্তর রয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি দাবি করেন, রসকসমসের একটি স্থাপনা লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে।

তার দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘ফ্লেমিঙ্গো’ ব্যবহার করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউক্রেন #যুক্তরাষ্ট্র #তুরস্ক #রাশিয়া