আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার কয়েকটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন শিশুও ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

শনিবার (১৫ আগস্ট) ভোরে নাবাতিয়েহ জেলার আনসার ও দেইর এজ-জাহরানি এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আনসারে চালানো হামলায় তিন শিশুসহ সাতজন নিহত ও দুজন আহত হয়েছেন। দেইর এজ-জাহরানিতে আরেকটি হামলায় চারজন নিহত এবং ১৭ জন আহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, নাবাতিয়েহ ও আনসার এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। আলি আল-তাহের রিজ এলাকায় ইসরাইলি সেনাদের বিরুদ্ধে একটি পদক্ষেপের জবাবে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে তারা।

তবে ইসরাইলের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের অভিযান দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। লেবাননের ভূখণ্ডে কোনো সামরিক অবকাঠামো থাকলে তা মোকাবিলার দায়িত্ব দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বলেও মন্তব্য করেন তিনি।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, নাবাতিয়েহ ও আশপাশের এলাকায় ইসরাইলি হামলা বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক আইন এবং সাম্প্রতিক সমঝোতার কাঠামো লঙ্ঘন করছে।

ইসরাইলি হামলার জবাবে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারের সঙ্গে সরাসরি আলোচনার সমালোচনা করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাম্প্রতিক ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সমঝোতার পর সহিংসতা কমলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা ও স্থাপনা ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, আনসারে শনিবারের হামলাটি জুনের সমঝোতার পর লেবাননে সবচেয়ে প্রাণঘাতী ইসরাইলি হামলা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ লেবানন #ইসরাইল