দেশজুড়ে

১৭ বছর পর হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতদণ্ডপ্রাপ্ত চারজন হলেন রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকার আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতে বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

আদালত প্রত্যেক জীবিত দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছিল। বিচার চলাকালে উপস্থাপিত সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগের সত্যতা পেয়েছেন। বাকি ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে রায়গঞ্জে সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলাম হামলার শিকার হন। তাকে মারধর করা হলে একপর্যায়ে তার মৃত্যু হয়।

ঘটনার পর তরিকুলের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এরপর মামলাটির বিচারকাজে দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণসহ বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে আজ আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ জনকে বেকসুর খালাসের আদেশ দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ