জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার সুযোগ-সুবিধা বাড়ানো এবং স্বাস্থ্য খাতের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম -এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আ. ন. ম. বজলুর রশীদ।
প্রতিমন্ত্রী বলেন , মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত না হলে জেলার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্বাস্থ্য খাতে এমন কর্মপরিকল্পনা নিতে হবে, যা স্থানীয় জনগণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবে কার্যকর করা সম্ভব। চিকিৎসা নিতে গিয়ে কোনো মানুষ যেন সেবা না পাওয়ার পরিস্থিতিতে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নেও নজর দিতে হবে। জেলার সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের জন্য কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
কর্মশালার আলোচনায় জেলার প্রাথমিক স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রতিবন্ধকতা, চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা থেকে উত্তরণের উপায় নির্ধারণ এবং সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্বিঠানে শেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আ. ন. ম. বজলুর রশীদ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান, পৌর প্রশাসক শাহাদত হোসেন এবং জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসকরা।
এমজে/এ