ফরিদপুরের ভাঙ্গায় ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা গ্রামে ঘটনাটি ঘটে।
আহত মারুফ মাতুব্বরের বয়স ৩৮ বছর। তিনি ওই গ্রামের মৃত মোখসেদ মাতুব্বরের ছেলে। অভিযুক্ত শিখা বেগমের বয়স ২৮ বছর। তিনি মারুফের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে মারুফ ও শিখার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার রাতে মারুফ ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন শিখা।
মারুফের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে পড়েন। পরে তার বড় ভাই রেজাউল মাতুব্বর ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মারুফকে উদ্ধার করেন।
গুরুতর আহত মারুফকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিখা বেগমকে আটক করে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসি//