দেশজুড়ে

আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৫২)। বুধবার (০৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তিনি আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের কার্যালয়ের পাশের একটি আবাসিক কক্ষে ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। বুধবার ভোরে ওই কক্ষেই নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, কারখানার নিরাপত্তার দায়িত্বে পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জন সদস্য কাজ করেন। তাদের একজন ছিলেন এসআই জাহাঙ্গীর আলম।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, সকালে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন এসআই জাহাঙ্গীর আলম। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #আশুগঞ্জ সার কারখানা #এসআই