সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের ৯ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ ও আহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এই কথা জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের সহায়তায় আর্থিক অনুদানের ঘোষণা প্রদান করেছেন। প্রয়োজনীয় তথ্যাদি ও ফলোআপ কার্যক্রম সম্পন্ন হওয়া মাত্রই দ্রুততম সময়ে এই অনুদান বিতরণের চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে।
গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ ও সিলেটগামী ‘বেঙ্গল পরিবহন’-এর দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। গুরুতর আহত হন ১৬ জন। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
আই/এ