রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে পরিবেশনের সময় দর্শকসারির দিক থেকে হঠাৎ ছুটে আসা একটি পানির বোতল সরাসরি জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকালিস্ট হাসানের মুখে আঘাত করে। এই ন্যক্কারজনক ঘটনায় পুরো সংগীতাঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
গত বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই কনসার্টে পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেজে গান গাওয়ার মুহূর্তে আকস্মিক একটি পানির বোতল আঘাত হানে হাসানের মুখে। বোতলের পানি তার শরীর ও পুরো মঞ্চে ছড়িয়ে পড়লেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি পেশাদারিত্বের পরিচয় দেন এবং গান চালিয়ে যান।
এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে বিশিষ্ট সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, ঠিক কী উদ্দেশ্যে একটি চক্র মঞ্চের সামনে দাঁড়িয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিচ্ছিল এবং কী কারণে একজন শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করা হলো।
পাশাপাশি, তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোরালো দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার দৃশ্য ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সাধারণ শ্রোতা ও ভক্তরা এই ঘটনার তীব্র ঘৃণা প্রকাশ করে অবিলম্বে কনসার্ট ও বিভিন্ন আয়োজনে শিল্পীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
আর/আই