দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় সাইবার মামলায় সালাউদ্দীনকে গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন, বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ২ আগস্ট তার নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়

তিনি আরও বলেন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খান বাদী হয়ে মামলাটি করেন। আজ ভোর চারটার দিকে রাজধানীর মনিপুর এলাকা থেকে সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়ায় নিয়ে আদালতে হাজির করা হবে

তানভীরের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া একটি পোস্টকে দল সমর্থন করেনি। বিষয়টি জানানো হলে তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন

সারজিস আলম লিখেছেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল। পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতিও দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!

বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #গাজী সালাউদ্দীন #গ্রেপ্তার