বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বুধবার (০৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন।
এর আগে গত ১ নভেম্বর দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় সন্দেহভাজন হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনীম দিশাকে গ্রেপ্তার দেখানো হয়।
এসি//