আওয়ামী আমলে যুদ্ধাপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে মৃতুদণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি সংবলিত একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (০৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতিতে সকাল থেকেই 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক ডকুমেন্টারি এলইডি স্ক্রিনে প্রদর্শনীসহ জুলাই ও বিগত সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার ব্যানার ফেস্টুন প্রদর্শন করছিল বেরোবি শাখা ছাত্রশিবির।
একটি ফেস্টুনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মীর কাশেম আলীসহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি ছিল।
ছাত্রদল সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ফেস্টুন সরানোর দাবিতে প্রোগ্রামস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল ছোড়া হলে লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ পাল্টা আক্রমণ।
এ ঘটনায় আহত হন বেরোবি শাখা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা ও ছাত্রদল নেতা আশিকসহ দুই পক্ষের অন্তত ১০ জন।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যারা আহত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/আই