রাজধানী

ফের মিরপুরে বন্ধ মেট্রোরেলের ১ স্টেশন

ছবি: ফাইল ছবি

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আবারও বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া পল্লবীর কালশী সড়কে পুলিশের ওপর হামলা ও সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় মিরপুর এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।

শ্রমিকদের আন্দোলনের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মিরপুর-১১ স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের এ আন্দোলন আজ টানা চতুর্থ দিনে গড়িয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #রাজধানী #মেট্রোরেল