অপরাধ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক যুবক

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির সামনের এলাকা থেকে রাজিবকে আটক করা হয়েছে।

এর আগে, রোববার মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একই সঙ্গে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

এদিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের এলাকায় তাদের এ কর্মসূচি চলে। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বীকারোক্তিমূলক পোস্ট #যুবক আটক #পুলিশের গাড়ি #অগ্নিসংযোগ #পোশাক শ্রমিকদের বিক্ষোভ