দেশজুড়ে

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

বায়ান্ন প্রতিবেদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (০২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ‘সিম গ্রুপ টেক্সটাইল মিলে’ এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই দগ্ধ শ্রমিকদের উদ্ধার করা হয়। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের শরীরের ২০ থেকে ৪২ শতাংশ দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন‌ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানের ফায়ার ইউনিট কর্মী ফজলে রাব্বি জানান, রাতে কারখানায় কাজ চলাকালীন বয়লার সেকশনের পাশে থাকা একটি এয়ার কম্প্রেসার মেশিনে অতিরিক্ত অভ্যন্তরীণ চাপ বা যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথেই সেকশনটিতে থাকা দাহ্য গ্যাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন ধরে যায়। সে সময় মেশিনের কাছেই দায়িত্বরত থাকা চারজন শ্রমিক আগুনের শিখা ও তীব্র তাপে দগ্ধ হন। 

দুর্ঘটনার পর কারখানার অন্যান্য কর্মীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকায় নিয়ে আসেন।

ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, পোশাক কারখানার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে ইসমাইলে শরীরের ২০ শতাংশ দগ্ধ, কামরুলের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তপনের শরীরে ১২ শতাংশ ও নাইমুলের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের সবার ফ্লেম বার্ন ও ইনহেলেশন ইনজুরি, সবার অবস্থা আশঙ্কাজনক।

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #বিস্ফোরণ #দগ্ধ