দেশজুড়ে

সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি বা কারসাজির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জেলা প্রশাসককে এ ধরনের ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষক যাতে নির্বিঘ্নে কৃষিকাজ চালিয়ে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। 

তিনি বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"

তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংকট সৃষ্টি কিংবা কারসাজির চেষ্টা করলে, তিনি যে দল, মত বা ধর্মেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না

অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের মধ্যে ৮ কোটি ৭৩ লাখ টাকা কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে পাঁচটি করে ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়। মোট ২৯ হাজার ৪৫০টি চারা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পানি সম্পদ প্রতিমন্ত্রী