জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (০৫ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, “আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবো।”
সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ হই যেন বিগত দিনে ঐ ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশকে বিভেদ তৈরি করতে না পারে।”
তিনি বলেন, “বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমাদের সকল দলের, সকল মতের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
পঞ্চগড়ের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আমাদের এই পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতি সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিয়েছে। তাদের মাগফেরাত কামনা করছি।”
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় জুলাই শহীদদের রুহের মাগফেরাত এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
এমএ//