খেলাধুলা

আবেগঘন বার্তায় কোচের কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

১৪ বছরের এক গৌরবময় অধ্যায়ের শেষটা রঙিন হলো না। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচটি পরিণত হলো হতাশার গল্পে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে তাঁর দীর্ঘ কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে ফরাসিরা।

ম্যাচের ফলের মতোই ভারাক্রান্ত ছিল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের মন। শেষ ম্যাচে নিজের কোচকে জয় উপহার দিতে না পারার আক্ষেপ লুকাননি তিনি।

রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় দেশমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের হতাশার কথাও তুলে ধরেন ফরাসি অধিনায়ক।

এমবাপ্পে লেখেন, “আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে দাঁড়ালেন। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আমরা আপনাকে প্রাপ্য বিদায় দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।”

দেশমের দীর্ঘ ১৪ বছরের অবদানকে কয়েকটি বাক্যে প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন এমবাপ্পে। তার মতে, একজন কোচ হিসেবে দেশমে শুধু সাফল্যই এনে দেননি, বরং পুরো দলের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন, যা ফরাসি ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও জয় তুলে নিতে পারেনি ফ্রান্স। ফলে পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো দেশমের দায়িত্বে থাকা এক যুগেরও বেশি সময়ের যাত্রা। আর সেই বিদায়কে স্মরণীয় করে রাখতে না পারার কষ্টই সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে এমবাপ্পেকে।

এই কোচই জাতীয় দলকে পুনর্জাগরণের পথে ফিরিয়ে এনেছেন। তার ভাষায়, মানুষ হয়তো সবসময় দেশমের মহত্ত্ব উপলব্ধি করতে পারেনি, তবে সময় ও ইতিহাস তার অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে।

এমবাপ্পে আরও লেখেন, "এত বছর দেশের জার্সি পরে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির পাশে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। একসঙ্গে কাটানো সময় ও অর্জনের স্মৃতিগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান।"

দেশমের নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানান ফরাসি অধিনায়ক। তিনি বলেন, "আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনার প্রতিটি অবদানের জন্য আবারও ধন্যবাদ।"

২০১২ সালে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নেন দিদিয়ের দেশম। তার অধীনেই ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপা জেতা হয়নি। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে চতুর্থ স্থানেই শেষ হয় ফরাসিদের অভিযান। সেই ম্যাচ দিয়েই শেষ হয় ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশমের দীর্ঘ ও সফল অধ্যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এমবাপ্পে #ফ্রান্স #বিশ্বকাপ #ফিফা #দিদিয়ের দেশম