খেলাধুলা

নিজ শহরের বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজ শহর পুজাতোতে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্থানীয় বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনা এবং ‘লিও, তুমি যেও না’ স্লোগানে আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

গাড়ি থেকে নেমে সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান স্কালোনি।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমরা জিততে পারিনি, এটা আমরা জানি। আমরা আমাদের দেশের মানুষের আনন্দের জন্য খেলি, তাই এই হারটা খুব কষ্ট দিচ্ছে। তবু আমরা লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “গত কয়েকটি দিন আমাদের জন্য খুব কঠিন ও বেদনাদায়ক। তবে আমরা সন্তুষ্ট, কারণ মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। ফুটবলে কখনও জেতা যায়, আবার কখনও হারতে হয়। এটাও স্বীকার করতে হবে, স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। এই বাস্তবতাই আমাদের আরও উন্নতি করতে সাহায্য করবে।”

দলের লড়াকু মানসিকতার প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, “আমাদের অনুভূতি সব সময় একই—শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া। একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের বুঝতে হবে, প্রতিপক্ষও খেলে এবং অনেক সময় তারা আমাদের চেয়ে ভালো হতে পারে। কিন্তু তারপরও আমরা তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছি।”

জাতীয় দলের প্রভাব নতুন প্রজন্মের ওপরও পড়েছে বলে মনে করেন স্কালোনি।

তিনি বলেন, “আমরা হয়তো বিশ্বকাপ জিততে পারিনি, কিন্তু পুরো জাতিকে এক করতে পেরেছি। আমি সব সময় আমার ১০ বছর বয়সী ছেলের উদাহরণ দিই। সে কোনো ম্যাচে হারলে খুব কষ্ট পায়, কিন্তু কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যায়। ফুটবলও ঠিক এমনই।”

এর আগে এজেইজায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ক্যাম্প ছাড়ার সময় ফাইনালকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনা সম্পর্কে জানতে চাইলে স্কালোনি বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, “আপনারা আমাকে কী প্রশ্ন করছেন, তা বিশ্বাসই করতে পারছি না। আমরা আসল বিষয় থেকে সরে যাচ্ছি।”

সবশেষে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন স্কালোনি।

তিনি জানান, এমন হারের পর আত্মসমালোচনা করাটা স্বাভাবিক। তবে তার কাছে সবচেয়ে বড় অর্জন জাতীয় দলের চারপাশে গড়ে ওঠা ঐক্য।

তিনি বলেন, তিনি দায়িত্বে থাকুন বা না থাকুন, দলেরঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জানান, আপাতত ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #লিওনেল স্কালোনি #প্রধান কোচ #আর্জেন্টিনা