জাতীয়

আওয়ামী লীগের ১৫ বছরের ক্ষতি অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞের ক্ষতি অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে রাষ্ট্র পুনর্গঠনের সেই কাজ শুরু হয়েছে। নতুন করে রাষ্ট্র নির্মাণের এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননাঅনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে পরিষ্কার বলা আছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে নিজেদের মেনিফেস্টো অনুযায়ী কাজ করবে। বিএনপি এটি পুরোপুরি বাস্তবায়ন করবে। তারপরও একটি মহল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের দিন থেকেই ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া গিয়েছিল। দীর্ঘকাল আওয়ামী লীগ তাদের নীলনকশা ও একদলীয় শাসন চাপিয়ে দিতে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এত অল্প সময়ে এই ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা সম্ভব নয়। কিন্তু কাজটা শুরু হয়েছে এবং গণতান্ত্রিক শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কোনও বিপ্লবী দল নয়। এটি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি এবং নির্বাচনের মধ্যদিয়েই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণ করতে চাই।

এ বিএনপি নেতা বলেন, গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু বিগত ফ্যাসিবাদের সময়ে সেই দায়িত্ব পালন না করে গণমাধ্যমের মানুষেরা তোষামোদীতে ব্যস্ত ছিলেন। এই তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো তা দেখতে হচ্ছে

জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা করে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল