বিনোদন

হলিউডে শোক, আত্মহত্যা করলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ব্রডওয়ে ও টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় মার্কিন অভিনেতা জশ গ্রিসেত্তি আর নেই। গেল ১০ জুলাই তিনি আত্মহত্যা করেন। 

সোমবার (১৩ জুলাই) তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।   

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে জানানো হয়, জশ গ্রিসেত্তির মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন তার সহ-অভিনেতা রব ম্যাকব্লুর। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে তিনি জানান, এই শোক এখনো মেনে নেওয়া বা বোঝার মতো অবস্থায় নেই। একই সঙ্গে জশের স্ত্রী ও পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। নিজের পোস্টে জশের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিময় মুহূর্তের ছবিও শেয়ার করেন।

ছবির ক্যাপশনে রব লেখেন, জশকে ছাড়া এই অঙ্গনের মানুষ আর আগের মতো থাকবে না।

তিনি আরও বলেন, জশ গ্রিসেত্তিকে সবাই ভালোবাসতেন এবং তার মৃত্যু বিনোদনজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মৃত্যুর আগে ইনস্টাগ্রামে দেওয়া শেষ পোস্টে জশ জানান, ব্যক্তিগত কারণে ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চস্থ হতে যাওয়া ‘লিগ্যালি ব্লন্ড’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর আগেই তিনি প্রযোজনাটি থেকে সরে দাঁড়িয়েছেন।

জশের মৃত্যুর পর ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও শোক প্রকাশ করে জানায়, তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল, আন্তরিক ও যত্নবান একজন মানুষ। বন্ধু, শিক্ষার্থী এবং সহকর্মীদের প্রতি তার নিবেদন ছিল অসাধারণ। তার অনুপস্থিতি সবাই গভীরভাবে অনুভব করবে।

ব্রডওয়েতে ‘সামথিং রটেন!’ মিউজিক্যালে ‘নাইজেল বটম’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জশ গ্রিসেত্তি। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত নাটকটির জাতীয় সফরেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘ইট শুডা বিন ইউ’, ‘ব্রডওয়ে বাউন্ড’, ‘রেন্ট’, ‘পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার’, ‘এন্টার লাফিং’, ‘স্প্যামালট’, ‘হাউ টু সাকসিড ইন বিজনেস উইদাউট রিয়েলি ট্রাইং’, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘পিটার প্যান গোজ রং’-সহ একাধিক জনপ্রিয় মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি।

১৯৮১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রোয়ানোকে জন্মগ্রহণ করেন জশ গ্রিসেত্তি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্ডারগার্টেনে পড়ার সময় ‘পিটার র‍্যাবিট’ এবং স্কুলজীবনে ‘অ্যানিথিং গোজ’ ও ‘ফ্লাওয়ার্স ফর অ্যালজারনন’-এর মতো মঞ্চনাটকে অভিনয় করেন।

মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও সফল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন জশ। এমি পুরস্কারজয়ী সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এর পঞ্চম মৌসুমে কমেডি লেখক রালফ এমারসনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এছাড়া ‘দ্য নাইটস অব প্রসপারিটি’, ‘নার্স জ্যাকি’ এবং ‘দ্য গুড ফাইট’ সিরিজেও অভিনয় করেছেন তিনি।

আইএমডিবি অনুযায়ী, ‘দ্য নেমসেক’, ‘দ্য ইমিগ্র্যান্ট’, ‘রেভল্যুশনারি রোড’ এবং ‘মেন ইন ব্ল্যাক’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন জশ গ্রিসেত্তি। অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক মিউজিক্যাল প্রযোজনার পরিচালনাও করেছেন।