বিনোদন

বন্যা নিয়ে উদ্বিগ্ন জয়া আহসান, সহমর্মিতার বার্তা দিলেন ভক্তদের

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি গভীরভাবে নাড়া দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ একাধিক জেলা পানিতে তলিয়ে যাওয়ায় লাখো মানুষের দুর্ভোগের খবর তাকে ব্যথিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সবাইকে সচেতন ও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

বায়ান্ন টিভির পাঠকদের জন্য জয়া আহসানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল- 

গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারী হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ,আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের জলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে। কিন্তু মানুষের এই লড়াইটা শুধু পানি কমার নয়। আসল যুদ্ধটা হয়তো শুরু হবে পানি নেমে যাওয়ার পর। পানি কমলেই ধেয়ে আসবে নানা রকম পানিবাহিত রোগব্যাধি। এই সময়ে আমাদের একটুখানি অসচেতনতা কিন্তু আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দয়া করে এখন থেকেই সবাই সর্বোচ্চ সতর্ক হোন। নিরাপদ পানি ও শুকনো খাবারের পাশাপাশি আমাদের একটু বাড়তি নজর দিতে হবে আমাদের চারপাশের সবচেয়ে সংবেদনশীল মানুষগুলোর প্রতি, আমাদের ঘরের এবং আশেপাশের বৃদ্ধ মানুষগুলো, গর্ভবতী মায়েরা আর কোমলমতি শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়। নোংরা পানি আর স্যাঁতসেঁতে পরিবেশ থেকে ওদের একটু আগলে রাখুন। ওদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নিন।  আর একটা অনুরোধ, আমাদের আশেপাশের অবোলা গৃহপালিত প্রাণীগুলোর কথা ভুলবেন না যেন। বিপদের এই দিনে ওরা তো মুখে ফুটে কষ্টের কথা বলতে পারে না। বুকফাটা আর্তনাদ নিয়েও ওরা শুধু চেয়ে থাকে। আপনার সাধ্যমতো ওদের একটু নিরাপদ শুকনো জায়গা দিন, একটুখানি খাবার দিন। ওরাও তো আমাদের এই প্রকৃতিরই অংশ, আমাদের পরিবারের মতোই।

দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মানুষত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি এই কঠিন সময় ঠিকই কেটে যাবে।

সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। প্রার্থনা আর ভালোবাসা সবার জন্য।

   

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #কক্সবাজার #বান্দরবান #বন্যা #জয়া আহসান