বিশ্বকাপ ফুটবলে আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনা-মিশর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াই করে অতিরিক্ত সময়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই প্রত্যাবর্তন আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে।
প্রিয় দলের এমন নাটকীয় জয়ে আনন্দ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাও। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি শেয়ার করে অনুভূতি প্রকাশ করেন তিনি।
পোস্টে পূর্ণিমা লেখেন, আর্জেন্টিনার জন্য এটি ছিল অসাধারণ একটি রাত। সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচ শেষ, তখন মেসি ও তার সতীর্থরা দেখিয়ে দিয়েছেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। তাদের সাহস, আবেগ ও অটুট বিশ্বাসই শেষ পর্যন্ত ম্যাচের চিত্র বদলে দিয়েছে। পোস্টের শেষে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে আর্জেন্টিনা সমর্থকরা দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেন। একই সঙ্গে অনেকেই অভিনেত্রীর সঙ্গে নিজেদের উচ্ছ্বাস ভাগাভাগি করে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
পি/ডি