কিছু মানুষ চলে গেলেও তাদের সৃষ্টি থেকে যায় মানুষের হৃদয়ে। গান, কবিতা আর সাংবাদিকতায় তেমনই এক স্বতন্ত্র নাম সঞ্জীব চৌধুরী। তার লেখা ও গাওয়া গান আজও শ্রোতাদের মনে দোলা দেয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন এই ক্ষণজন্মা সাংবাদিক ও সংগীতশিল্পী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার প্রয়াণের ১৯ বছর পূর্ণ হলো।
‘বুক জুড়ে এই বেজান শহর’, ‘হা হা শূন্য আকাশ কাঁপাও’, ‘আকাশ ঘিরে শঙ্খচিলের শরীর চেরা কান্না থামাও’, ‘সমুদ্র কি তোমার ছেলে, আদর দিয়ে চোখে মাখাও’—এমন অসংখ্য ব্যতিক্রমী কথামালা ও গান রেখে গেছেন সঞ্জীব চৌধুরী। তার সৃষ্টিতে যেমন ছিল জীবনের গভীর উপলব্ধি, তেমনি ছিল শব্দ ও সুরের নিজস্ব এক জগৎ।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। ছোটবেলায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে ঢাকার বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন। ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আশির দশকে সাংবাদিকতা শুরু করেন সঞ্জীব চৌধুরী। কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। সাংবাদিকতায় নিজের দক্ষতা ও স্বতন্ত্র লেখনীর মাধ্যমে অর্জন করেন পরিচিতি।
সাংবাদিকতার পাশাপাশি সংগীতের প্রতিও ছিল তার গভীর আগ্রহ। সংগীতজীবনের শুরুর দিকে ‘শঙ্খচিল’ নামে একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। তাদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয় একের পর এক অ্যালবাম। এর মধ্যে রয়েছে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।
দলছুটের গান ছাড়াও একক কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সঞ্জীব চৌধুরী। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘বায়স্কোপ’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকে বলে দিব’, ‘রিকশা’, ‘কথা বলবো না’, ‘সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে’, ‘চোখ’, ‘তখন ছিল ভীষণ অন্ধকার’ ও ‘আহ ইয়াসমিন’। বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটি গেয়েও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এদিকে, সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের এই আয়োজন। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া সঞ্জীব চৌধুরী ট্রিবিউট কনসার্টে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। অনুষ্ঠানে শিল্পীরা সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন।
সময়ের পরিক্রমায় সঞ্জীব চৌধুরী নেই, কিন্তু তার গান, সুর ও সৃষ্টিশীলতার স্বাক্ষর রয়ে গেছে। সংগীত ও সাংবাদিকতায় তার অবদান তাকে শ্রোতা-পাঠকের কাছে স্মরণীয় করে রেখেছে।
এসি//