কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসা চাপা পড়ে ৪ জন রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) বিকেল পৌনে ৪টা পর্যন্ত উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৪ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃংখলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ-৩ ব্লকে অবস্থিত খতিজাতুল মহিলা হেফজখানায় প্রবল ঝড়-বৃষ্টিজনিত কারণে একটি দেয়াল ধসে পড়ে। এতে হেফজখানায় অবস্থানরত ৭ (সাত) জন ছাত্রী চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। অবশিষ্ট ৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন, রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২), উমাইসা বিবি (১৩)।
আই/এ