যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (০৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ত্রয়োদশ অনুচ্ছেদে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তার ভাষায়, ‘হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। আপনার স্বাক্ষরকে সম্মান করুন।’
সমঝোতা স্মারকের ত্রয়োদশ অনুচ্ছেদে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখা, হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দ করা সম্পদ অবমুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব উভয় পক্ষের। এসব শর্ত বাস্তবায়নের ভিত্তিতেই চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কথা উল্লেখ রয়েছে।
এক্সে দেওয়া একই পোস্টে আব্বাস আরাঘচি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে লাখো ইরানি ঐক্যবদ্ধভাবে সমবেত হয়েছেন। তিনি দাবি করেন, ‘কোনো হুমকিতেই তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বিচলিত নয়।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই প্রতিক্রিয়া আসে।
সোমবার (০৬ জুলাই) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হয় একটি সমঝোতায় পৌঁছাব, নয়তো কাজটি শেষ করে দেব।’
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো অচল করে দেওয়া সম্ভব। তিনি দাবি করেন, ইরানের অর্থনৈতিক সক্ষমতাও আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে।
এদিকে, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিল।
সর্বশেষ এই উত্তেজনাপূর্ণ বক্তব্য এমন সময় এলো, যখন হরমুজ প্রণালির কাছে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করার পর ওমান উপকূলের কাছে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে হামলার দায় সরাসরি স্বীকার করেনি তেহরান। দ্বিতীয় জাহাজের বিষয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা, দ্য টাইমস অব ইসরাইল
এসি//