আন্তর্জাতিক

‘ইসরাইল তার অভিভাবকের কথা না শুনলে শিক্ষা দেবে ইরান’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতার শর্ত ইসরাইল অমান্য করে নতুন কোনো হুমকি বা আগ্রাসী পদক্ষেপ নিলে তেহরান কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (০১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তার দাবি, ওই সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (ইসরাইল) যদি তাদের অভিভাবকের (যুক্তরাষ্ট্রের) কথা না শোনে, তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশটির জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে।

আরাঘচির এই মন্তব্যের আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘মৃত্যুর তালিকায়’ রয়েছেন। তিনি আরও দাবি করেন, তেহরান আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছাড় আদায়ের চেষ্টা করছে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

এদিকে, ২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ জানান, প্রয়োজন হলে ইসরাইল ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক হামলাও চালাতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা ইরানে দুইবার পূর্বপ্রস্তুতিমূলক হামলা চালিয়েছি। প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালাব।’

কাটজ আরও বলেন, ইসরাইলের নিরাপত্তার স্বার্থে লেবানন, সিরিয়া ও গাজার যেসব এলাকাকে ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে ইসরাইলি বাহিনী অনির্দিষ্টকাল অবস্থান করবে। তার দাবি, সীমান্তবর্তী ইসরাইলি জনপদগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন অব্যাহত থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান