আন্তর্জাতিক

নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি নির্মাণাধীন স্থাপনার পাশে তিনতলা ভবন ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিপুলসংখ্যক দমকলকর্মী ও পুলিশ সদস্য। কুড়াল, করাতসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান তারা। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে, রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, উদ্ধার অভিযান অত্যন্ত জটিল। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে বিপজ্জনক ফাঁকা জায়গা তৈরি হওয়ায় উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিউইয়র্কের ভবনবিষয়ক কমিশনার আহমেদ তিগানি জানান, ভবনটি ধসে পড়ার সময় পাশের একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণের প্রস্তুতি হিসেবে মাটি খোঁড়ার কাজ চলছিল।

মামদানি আরও জানান, উদ্ধার অভিযানে প্রায় ২৫০ জন দমকলকর্মী অংশ নিয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধ্বংসস্তূপের মধ্যে তৈরি করা একটি গর্ত থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়।

নিউইয়র্কের দমকল বিভাগের কমিশনার লিলিয়ান বনসিগনোরে বলেন, উদ্ধারকর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন। প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে পরিকল্পনা অনুযায়ী। এ ঘটনায় একজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন।

উদ্ধার অভিযানে ড্রোন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দমকলকর্মীরা হাতে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের সন্ধান করছেন। অন্ধকার নেমে আসার পর টর্চের আলো জ্বালিয়ে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নিউইয়র্ক #যুক্তরাষ্ট্র