নেত্রকোনার কলমাকান্দায় চুরির অভিযোগে ১৪ বছরের শিশুকে মাথা ন্যাড়া করায় রতন রবিদাস নামের এক গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ থেকে তাকে সাময়িক দরখাস্ত করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় রংছাতি বাজার থেকে রতন রবিদাস কে আটক করে পুলিশ। কলমাকান্দার থানার পরিদর্শক (ওসি তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৯ জুন বিকেলে পাঁচগাও বাজারে জনসম্মুখে ওই শিশুর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীর বাবা মঙ্গলবার অজ্ঞাতনামা ৪/৫জন ব্যক্তি কে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংছাতি ইউনিয়নের পাঁচগাও বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল মান্নান ২৯ জুন দুপুরে দোকান থেকে বের হয়ে পাশের দোকানে চা পান করতে যান। এই ফাঁকে ওই কিশোরকে তার দোকানের ক্যাশবক্স থেকে ৭ হাজার টাকা নিয়ে যায় বলে তালে পাশের দোকানদারদের জানান। পরে তারা শিশুকে খুঁজে বাজারের পাশে চৈতা এলাকা থেকে ধরে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে শিশুটি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এক পর্যায়ে কিশোরকে তল্লাশি করলে তার কোমরের লুঙ্গির বাজে পেঁচানো অবস্থায় টাকাগুলো পান ঐ দোকানদার।
পরে শিশুটিকে বাজারের এনে শহীদ মিনারের বেদীতে দাড় করিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এরপর তারা বাজার ঘুরিয়ে ছেড়ে দেইয়া হয়। এ ঘটনার একটি ২.৩৩ মিনিট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায় রংছাতি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রতন রবিদাস শিশুটির মাথা ন্যাড়া করেন। রবিদাস কে বলতে শোনা যায়, এই ছেলে বাজারে প্রায় সময় চুরি করে। আজ তাকে দোকানদাররা হাতেনাতে ধরেছে। তাকে মারধর করা হচ্ছে না। এখন তাকে লজ্জাজনক শাস্তি হিসেবে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হচ্ছে।
এরপর তিনি উপস্থিত লোকজনদের বলেন, আপনারা ভিডিও করে নেন এবং ফেসবুকে ছড়িয়ে দেন, যাতে এরকম চুরি আর কেউ করার সাহস না পায়।
এ বিষয়ে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল এর নাম্বারে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ওসি তদন্ত সজল সরকার বলেন, চুরির অভিযোগে এক শিশুকে মাথা ন্যাড়া করায় তার বাবা অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় রতন রবিদাস নামের এক গ্রাম পুলিশকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম জানান, চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করায় রংছাতি ইউনিয়ন পরিষদ থেকে রতন রবিদাস নামে এক গ্রাম পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আই/এ