প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞায় মোসলেহ উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের দাবি, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একাধিক আপত্তিকর পোস্ট প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। নেতাকর্মীদের নেতৃত্বে স্থানীয় যুবকরা জনিকে ঘেরাও করে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
জনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটি সাজানো। তবে যে ফেসবুক আইডি থেকে পোস্টগুলো করা হয়েছে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি তার নিজের বলে স্বীকার করেন তিনি।
জনি রাজাপুর আলিম মাদরাসা থেকে ২০২১ সালে দাখিল পাস করার পর আর পড়াশোনা করেননি। বর্তমানে তিনি বেকার। স্থানীয়দের দাবি জনি অতীতেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট করেছেন ।
দাগনভূঞায় থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানিয়েছেন, এ ব্যাপারে মামালা হয়েছে।
পি/ডি