আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে সেদিন শেয়ারবাজারেও কোনো লেনদেন হবে না।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব শাখায় মূলত অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করে এবং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ করে। এ কারণে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা ও লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পুঁজিবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হওয়ার কারণে একই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনও বন্ধ থাকবে।
উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যও ব্যাংক খাতে একইভাবে ব্যাংক হলিডে পালন করা হয়।
এমএ//