পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় অফিস সহায়ক পদে ১৮ জন নিয়োগ পেয়েছেন। এ ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে রয়েছেন বিএসসি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এমবিএ, মাস্টার্স ও অনার্স ডিগ্রিধারী। মাত্র এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতার এ পদে মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত ১৮ কর্মচারীর যোগদানপত্র গ্রহণ ও ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
তিনি জানান, গত বছরের ২৫ অক্টোবর ১৮টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় ৮ হাজার আবেদনকারীর মধ্যে প্রায় ৪ হাজার পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ৪৪ জন উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়া আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। কোনো জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সুপারিশ কিংবা চাপ আসেনি। আমি দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইডেন মহিলা কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও তেজগাঁও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা রয়েছেন। ১৮ জনের মধ্যে মাত্র একজন এইচএসসি পাস; বাকিরা সবাই উচ্চশিক্ষিত।
নবনিয়োগপ্রাপ্তরাও জানান, কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেন ছাড়াই চাকরি পেয়ে তারা সন্তুষ্ট।
অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমারসহ রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আই/এ