দেশজুড়ে

এসএসসি পরীক্ষাকেন্দ্রে এনসিপি নেতাকে পিটুনি

ছবি: সংগৃহীত

হবু স্ত্রীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এনসিপির স্থানীয় এক নেতাকে পিটুনি দিয়েছেন পরীক্ষার্থীরা। অভিযুক্ত এনসিপি নেতার নাম মো. আশরাফ হোসেন (২৮)। তিনি ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক এবং ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লার বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গার কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীদের দাবি,  প্রতিটি পরীক্ষার দিনই ওই এনসিপি নেতা কেন্দ্রে ঢুকে বিভিন্নভাবে তার হবি স্ত্রীকে সহায়তা করে আসছিলেন। আজ সকালেও পরীক্ষা শুরুর আগে হলে প্রবেশ করলে একই কক্ষে পরীক্ষার্থী সাজিদ ইসলামসহ কয়েকজন প্রতিবাদ করে।

এ সময় আশরাফ দলীয় পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখান এবং শিক্ষার্থীদের গালিগালাজ ও ধাক্কা দেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পরীক্ষার হল ছেড়ে বের হয়ে আশরাফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে আশরাফ দৌড়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন। এ সময় এগিয়ে আসা প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত ও একজন শিক্ষার্থী ইটের আঘাতে আহত হন।

পরে শিক্ষার্থীরা আশরাফের গ্রেপ্তারের দাবিতে পরীক্ষা বর্জন করে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় পরীক্ষা শুরু হয়।

এদিকে অভিযোগ অস্বিকার করে আশরাফ দাবি করেন, তিনি কেবল হবু স্ত্রীকে পরীক্ষার হলে পৌঁছে দিতে গিয়েছিলেন। সেখানে পরীক্ষা দিতে আসা কিছু ছাত্রলীগের কিছু কর্মী তার হবু স্ত্রীকে ইভটিজিং করে। তিনি প্রতিবাদ করায় ওই পরীক্ষার্থীরা  তার ওপর চড়াও হয়।

ওসি মিজানুর রহমান জানান, এনসিপি নেতার সঙ্গে ওই এসএসসি পরীক্ষার্থীর আংটি বদল হয়েছে। প্রতিটি পরীক্ষার দিন তিনি তাকে আনা-নেওয়া করতেন। আজ পরীক্ষা শুরুর আগে হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের সঙ্গে গোলযোগ হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে আশরাফ দাবি করেন, তিনি কেবল হবু স্ত্রীকে পরীক্ষার হলে পৌঁছে দিতে গিয়েছিলেন। সেখানে ছাত্রলীগের কিছু কর্মী, যারা পরীক্ষা দিতে এসেছিল, তারা আমার হবু স্ত্রীকে ইভটিজিং করে। আমি প্রতিবাদ করায় তারা আমার ওপর চড়াও হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি