দেশজুড়ে

ধর্ম অবমাননার অভিযোগে মামলায় যুবক কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (৪০) আটক করেছে পুলিশ। ওই যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি আগে পুলিশের কনস্টেবল ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে আটকের পর রাতে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। আজ (২৭ অক্টোবর) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওই যুবক সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন। দীর্ঘদিন অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়'।

পুলিশ জানায়, গত রোববার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননামূলক একটি পোস্ট দেওয়া হয়। এটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সোমবার দুপুরে গ্রামে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করেন। যুবককে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ কিশোর-তরুণ তাকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত যুবককে থানায় নিয়ে যায়।  

এর আগে রোববার  সকাল থেকে ওই যুবকের নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই দিন মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই যুবক। জিডিতে নিজের ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন যুবক।

এদিকে ঘটনার পর তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, মেহেদী হাসানসহ অন্যরা গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্ম অবমাননা #সুনামগঞ্জ