স্বাস্থ্য

এবার পুলিশ মোতায়েন করা হয়েছে আদ্-দ্বীন হাসপাতালে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়। লাইসেন্স বাতিলের ঘোষণার পরপরই হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। হাসপাতালের বিভিন্ন প্রবেশপথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।

প্রাথমিকভাবে নোটিশের জবাব দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে আবেদন করে। পরে গত ৯ জুন তারা লিখিত ব্যাখ্যা জমা দেয়। তবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

তবে আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন করতে পারবে।

এদিকে হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রোববার সরকারের কাছে আপিল করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ থাকা, বিকল্প বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করে। গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। একই দিন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আদ্-দ্বীন হাসপাতাল #লাইসেন্স বাতিল