ভোরের আলো ফোটার আগেই ঢাকা-রংপুর মহাসড়কে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেছে তিনজনের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের বিভাজকেও আঘাত করে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
এসি//