জাতীয়

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের

বায়ান্ন প্রতিবেদন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কল্যাণে কাজ করা এবং দেশ গঠনে ভূমিকা রাখা।

তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে সবাইকে দেশ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করার শপথ নিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি বছরের মতো এবারও শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পাশাপাশি দলের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে এলে সেটিই হবে শহীদ জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নাগরিক হিসেবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শহীদ জিয়াউর রহমান #প্রধানমন্ত্রী #তারেক রহমান #বিএনপি