আবহাওয়া

দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

বায়ান্ন প্রতিবেদন

সকালের আকাশটা শান্ত মনে হলেও দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদফতর। দিনের প্রথমার্ধেই দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার দিক থেকে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া অধিদপ্তর #ঝড়