রাজধানী

ঢাকায় ঈদের ২য় দিনেও চলছে পশু কোরবানি

বায়ান্ন প্রতিবেদন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ঈদের নামাজ আদায় শেষে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানিতে অংশ নেন নগরবাসী।

রাজধানীর নানা এলাকায় দেখা গেছে, কেউ পারিবারিক রীতিনীতি অনুসরণ করে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন, আবার কেউ প্রথম দিনে কসাই সংকট ও অতিরিক্ত চাপ এড়াতে আজ কোরবানি করছেন।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া কয়েকজন গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের প্রথম দিনে একসঙ্গে বিপুল সংখ্যক পশু জবাই হওয়ায় কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি মাংস প্রস্তুত ও বণ্টন নিয়েও নানা ঝামেলা তৈরি হয়। এ কারণে অনেকেই তুলনামূলক স্বস্তিতে কাজ শেষ করতে দ্বিতীয় দিনকে বেছে নেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির নির্ধারিত সময় তিন দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। তাই কোনো কারণে ঈদের দিন কোরবানি দিতে না পারলেও পরবর্তী দুই দিনের মধ্যে কোরবানি আদায় করা বৈধ।

এদিকে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগরবাসীর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য সরানোর কথা থাকলেও অনেক অলিগলি ও সড়কে এখনো পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও জমে থাকা রক্তের কারণে দুর্ভোগের কথাও জানিয়েছেন স্থানীয়রা।

সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ছিটিয়ে এলাকা পরিষ্কার করার নির্দেশনা থাকলেও বেশ কিছু এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

তবে বর্জ্য অপসারণে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্যমতে, ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #দ্বিতীয় দিন #কোরবানি